১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে মারধরের অভিযোগ, ছাত্রদল নেতা ইমরান খাঁনকে ঘিরে বিতর্ক

আমতলীতে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার অভিযোগ; আহত ঠিকাদার শেবাচিম হাসপাতালে ভর্তি, অভিযোগ অস্বীকার অভিযুক্তের

by ABDUR RAHMAN
আহত ঠিকাদার শহীদুল ইসলাম

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বরগুনার আমতলী উপজেলায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ঠিকাদার মো. শহীদুল ইসলাম খাঁনকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদল সদস্য সচিব মো. ইমরান খাঁন ও তার সহযোগীদের বিরুদ্ধে। আহত ঠিকাদার বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে শহীদুল ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে আমতলী একে স্কুল চৌরাস্তায় একটি দোকানে বসে চা পান করার সময় ইমরান খাঁনের নেতৃত্বে কয়েকজন সেখানে গিয়ে পুনরায় চাঁদা দাবি করেন। আবারও অস্বীকৃতি জানালে তাকে মারধর করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠান।

ভুক্তভোগী শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, চাঁদা না দেওয়ায় তাকে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল। সর্বশেষ চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে পিটিয়ে আহত করা হয়েছে। তিনি অভিযুক্তদের শাস্তির দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে ইমরান খাঁন বলেন, রাজনৈতিক কটূক্তিকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে এবং এতে তার সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের আহ্বায়ক জানান, অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ