অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অস্ত্রের মুখে অপহৃত সেই মাদ্রাসাছাত্রী উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার এমসি বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সকালে মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়।
অভিযোগ রয়েছে, একই এলাকার আবিদ (২১) দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব ও অপহরণের হুমকি দিত।
প্রথম দফায় অপহরণের পর ওই দিনই তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী, ওই দিন বেলা ১১টার দিকে বিষয়টি নিয়ে সালিশ বৈঠকের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় অভিযুক্ত আবিদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে এবং ছাত্রীকে পুনরায় জোরপূর্বক তুলে নিয়ে যায়।
এ ঘটনায় মারধর ও লুটপাটের অভিযোগও উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী দাবি করেন, ঘটনাটি মূলত প্রেমঘটিত এবং দুই পরিবারের বিরোধের কারণে পরিস্থিতি জটিল হয়েছে। তার মতে, আইনি জটিলতা এড়াতে মেয়েটি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) জানান, শনিবার সকালে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অপহরণ, হামলা ও ব্যক্তিগত সম্পর্ক—তিনটি ভিন্ন দিক সামনে আসায় তদন্তে জোর দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

