আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে এক অভিনব অনলাইন প্রচারণায় নেমেছে ইরান। বিভিন্ন মিম, ভিডিও এবং পপ-কালচারকে ব্যবহার করে কূটনৈতিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলো ট্রাম্পকে বিদ্রুপ করছে।
দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরান দূতাবাস সম্প্রতি একটি মিউজিক্যাল ভিডিও শেয়ার করেছে, যেখানে ট্রাম্পকে অবরোধের মধ্যে জাহাজ চলাচলের অনুমতি চেয়ে আকুতি জানাতে দেখা যায়। ভিডিওটিতে ব্যঙ্গাত্মকভাবে তাকে গাইতে শোনা যায়—“তুমি যদি আমাকে বাধা দাও, তবে আমিও তোমাকে আটকে দেব।” পোস্টের ক্যাপশনে এটিকে ট্রাম্পের গাওয়া “জনপ্রিয় গান” হিসেবে উপস্থাপন করা হয়।
অন্য এক পোস্টে ট্রাম্পকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর একজন “হতভাগা জলদস্যু” হিসেবে চিত্রিত করা হয়েছে। সেখানে তাকে সমুদ্রের মাঝখানে আটকে থাকা অবস্থায় ব্যঙ্গাত্মকভাবে দেখানো হয়।
এদিকে মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেলও এই অনলাইন মিম প্রচারণায় যোগ দেয়। তারা ইরানের নৌবাহিনীর সক্ষমতা তুলে ধরে জানায়, পারস্য উপসাগরের “লাল মৌমাছি” নামে পরিচিত দ্রুতগামী ক্ষেপণাস্ত্রবাহী নৌকাগুলো এখন যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে। পোস্টে দাবি করা হয়, অতীতে ট্রাম্প ইরানের নৌবাহিনীকে দুর্বল বলে মন্তব্য করলেও বাস্তবে তারা এখন আরও শক্তিশালীভাবে অবস্থান করছে।
পোস্টের শেষে একটি জনপ্রিয় বলিউড সংলাপ ব্যবহার করে ইঙ্গিত দেওয়া হয় যে “এটি কেবল শুরু, আসল নাটক এখনো বাকি রয়েছে।”
আর/

