অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
হামলায় নিহত হয়েছেন দিয়া আক্তার (২০), যিনি শেখ বোরহান উদ্দিন কলেজ-এর শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন—মৌসুমী আক্তার (৩৫), মুয়াজ (১৫), জয়া (১২) তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা বিল্লাল হোসেন জানান, আবু মুসা নামে এক ঠিকাদার নবীউল্লাহর কাছে পাওনা টাকা দাবি করতে ভোরে তার বাসায় যান। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে নবীউল্লাহ প্রথমে আবু মুসাকে কুপিয়ে জখম করেন। পরবর্তীতে উত্তেজিত হয়ে আবু মুসা পাল্টা হামলা চালিয়ে নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারের ওপর নৃশংস আক্রমণ করেন এবং তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দেন। পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে—মেয়ে দিয়া আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করা হয়,পরে জয়া ও মুয়াজকেও কুপিয়ে আহত করা হয়
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত আবু মুসাও আহত অবস্থায় একই হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
জানা গেছে, অভিযুক্ত ও ভুক্তভোগী উভয় পক্ষের বাড়িই যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায়।

