আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর ইরানকে লক্ষ্য করে কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং উপযুক্ত সময়ে ইরানকে “শেষ করে দেওয়া” হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প জানান, মার্কিন বাহিনী এখন ‘লকড অ্যান্ড লোডেড’ অবস্থায় রয়েছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, চাইলে একদিনেই ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্র দখল করা সম্ভব।
হরমুজ প্রণালি নিয়েও নতুন করে হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, গুরুত্বপূর্ণ পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতা হয়নি এবং ইরানের কারণে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, ইরানকে টোল দেওয়া জাহাজগুলোকে আন্তর্জাতিক জলসীমায় আটকে দিতে এবং প্রণালিতে পাতা মাইন ধ্বংস করতে।
ট্রাম্প আরও সতর্ক করে বলেন, ইরান যদি মার্কিন বা অন্য কোনো জাহাজে হামলা চালায়, তাহলে কঠোর জবাব দেওয়া হবে। তার এই মন্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা

