শহীদ পরিবারের অনুরোধে ৭২ ঘণ্টার অনশন ভাঙলেন ঢাবি শিক্ষার্থীরা, নতুন কর্মসূচির প্রস্তুতি

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে অনশন শেষে শহীদ পরিবারের হস্তক্ষেপে কর্মসূচি প্রত্যাহার

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে টানা ৭২ ঘণ্টার আমরণ অনশন শেষে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেছেন। শহীদ পরিবারের সদস্যদের অনুরোধের পর তারা অনশন ভাঙেন।

বিজ্ঞাপন
banner

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে শহীদ ফারহান ফাইয়াজ, সাইদুল ইসলাম, জাবের ও সৈকতের বাবাসহ জুলাই শহীদ পরিবারের সদস্যরা অনশনস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ডাবের পানি পান করিয়ে অনশন ভাঙান।

অনশন ভাঙার পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

এর আগে, সরকার বা বিরোধী দল কারও পক্ষ থেকেই নির্দিষ্ট কোনো আশ্বাস না পাওয়ায় শিক্ষার্থীরা অনশন অব্যাহত রেখেছিলেন। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অংশ নেন।

তাদের তিন দফা দাবির মধ্যে ছিল গণভোটের রায় বাস্তবায়ন, গুম প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উপস্থাপন করা। পাশাপাশি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তারা।

অনশন চলাকালে বিভিন্ন রাজনৈতিক দল, সংসদ সদস্য এবং ছাত্রনেতারা সংহতি জানান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির নাসীরুদ্দীন পাটওয়ারীসহ একাধিক নেতা সেখানে উপস্থিত ছিলেন।

শুক্রবার রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অনশন ভাঙার আহ্বান জানান। তবে তখন শিক্ষার্থীরা অনুরোধ প্রত্যাখ্যান করেন।

পরবর্তীতে প্রায় ৭২ ঘণ্টা পর শহীদ পরিবারের হস্তক্ষেপে তারা কর্মসূচি প্রত্যাহার করেন এবং নতুন আন্দোলনের প্রস্তুতির কথা জানান।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ