অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে এ কর্মসূচি পালিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকীর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত জনগণের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, ইতিহাসে গণরায় উপেক্ষা করে কোনো সরকারই টিকে থাকতে পারেনি। তাই গণভোটের রায় অমান্যকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার সরকারকেই বহন করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসান জালালী এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য গাজি রহমতুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম মিয়াজী, দক্ষিণের সহ সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ রিজওয়ান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, উত্তরের অফিস সম্পাদক এইচ এম খোকন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা জাকির হোসাইন এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

