অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রাজধানীর জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসকে কেন্দ্র করে বিরোধী দল ওয়াকআউট করেছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
ওয়াকআউটের আগে তিনি সরকারি দলের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তোলেন। তার দাবি, বিশেষ কমিটির বৈঠকে হওয়া সমঝোতা লঙ্ঘন করে বিলটি সংশোধিত আকারে পাস করা হয়েছে।
বিলটি নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে দীর্ঘ সময় ধরে তীব্র বিতর্ক হয়। সংসদে প্রবল আপত্তি থাকা সত্ত্বেও বিলটি পাস হলে বিরোধীদলীয় নেতা আনুষ্ঠানিকভাবে ওয়াকআউটের ঘোষণা দেন। এরপর বিরোধী দলের সদস্যরা একে একে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
ওয়াকআউটের আগে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর বিরুদ্ধেও নিরপেক্ষতা হারানোর অভিযোগ আনেন এবং ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করলাম।”
উল্লেখ্য, চলতি সংসদ অধিবেশনে এটি বিরোধী দলের চতুর্থ ওয়াকআউট। এর আগের দিনও একটি ‘গণবিরোধী’ বিল পাসের প্রতিবাদে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছিল।
আর/

