আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী পার হতে পারেনি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরানের অনুমতি না পাওয়ায় জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের দিকে ফিরে যাচ্ছে।
বুধবার (৮ এপ্রিল) সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি। প্রায় ৪০ ঘণ্টা পথ পাড়ি দিয়ে হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জাহাজটিকে প্রবেশের অনুমতি দেয়নি। কিছুক্ষণ অপেক্ষার পর নিরাপত্তার কারণে জাহাজটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা চলছে। তবে নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জাহাজে থাকা ৩১ জন নাবিক এবং প্রায় ৩৭ হাজার টন সার নিরাপদ রয়েছে।
সূত্র জানায়, হরমুজ প্রণালী বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে। ইরান-ইসরায়েল উত্তেজনা ও সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। প্রতিদিন সীমিত সংখ্যক জাহাজকে পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে, ফলে দীর্ঘ জট তৈরি হয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক বীমা সংস্থাগুলোও এই রুটে চলাচলকারী জাহাজের ঝুঁকি বাড়ার সতর্কতা দিয়েছে।
আর/

