নিজেস্ব প্রতিবেদক । হুদহুদ নিউজ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) মহানগর সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজমুল হুদা রনি এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
নেতৃদ্বয় বলেন, একজন নিষ্পাপ শিশু মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের গুলির শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা প্রশ্ন রাখেন, ভুক্তভোগী যদি মাদরাসা শিক্ষার্থী না হয়ে অন্য কেউ হতো, তবে কি প্রশাসন একইভাবে নীরব থাকতো?
তাদের মতে, শুধুমাত্র মাদরাসা শিক্ষার্থী হওয়ার কারণেই যেন শিশুটির রক্তের যথাযথ মূল্যায়ন হচ্ছে না—এটি অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে আরও বলা হয়, প্রকাশ্য দিবালোকে অস্ত্রের ব্যবহার এবং কোমলমতি শিক্ষার্থীকে গুলিবিদ্ধ করা সন্ত্রাস ও ক্ষমতার দম্ভের নগ্ন বহিঃপ্রকাশ। এ ধরনের ঘটনা সমাজে চরম অনিরাপত্তা সৃষ্টি করছে।
নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, মাদরাসা শিক্ষার্থীদের রক্তের প্রতিটি ফোঁটা অত্যন্ত মূল্যবান এবং ছাত্রসমাজ এ ধরনের অন্যায় কোনোভাবেই মেনে নেবে না।
খেলাফত ছাত্র মজলিস নেতারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এছাড়া তারা আল্লাহ তায়া’লার দরবারে গুলিবিদ্ধ শিশু ইমরানের দ্রুত সুস্থতা কামনা করেন।

