অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জাতীয় সংসদ এলাকায় ‘জঙ্গি এমপি’ বলে প্রকাশ্যে অপবাদ দেওয়ার অভিযোগ তুলে বিশেষ অধিকারের নোটিশ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা। বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে তিনি বিষয়টি উত্থাপন করেন।
হানজালা জানান, গত ৩০ মার্চ সংসদ ভবন এলাকায় তাকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করা হয়। পরবর্তীতে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন বলে দাবি করেন। এতে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তার বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নোটিশ উত্থাপনকালে ‘জঙ্গি’ শব্দটিকে ‘ফ্যাসিস্ট পরিভাষা’ হিসেবে আখ্যায়িত করে হানজালা বলেন, দীর্ঘদিন ধরে একটি বিশেষ গোষ্ঠী এই শব্দ ব্যবহার করে ধর্মপ্রাণ ও দাড়ি-টুপিওয়ালা মানুষদের হেয় প্রতিপন্ন করছে। তিনি সকল সংসদ সদস্যের সম্মান ও মর্যাদা রক্ষায় স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে জানান, সদস্যের উত্থাপিত বিশেষ অধিকারের প্রশ্নটি বিধি অনুযায়ী গৃহীত হয়েছে। তিনি নোটিশটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের জন্য বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন।
সংসদীয় সূত্রে জানা গেছে, তদন্ত শেষে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে। সংশ্লিষ্ট সংসদ সদস্য আশা প্রকাশ করেছেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
আর/

