ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের মধ্যে সম্ভাব্য স্থল হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে, মার্কিন বাহিনী স্থল অভিযান শুরু করলে ইরানের পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের কাদিরভপন্থী সামরিক ইউনিটগুলো।
মঙ্গলবার (৩১ মার্চ) ইরানি গণমাধ্যম ও প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চেচেন নেতা রমজান কাদিরভের অনুগত বাহিনী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযানে ‘ধর্মীয় যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছে। তারা এই সম্ভাব্য সংঘাতকে ‘জিহাদ’ হিসেবে বর্ণনা করে জানায়, ইরানকে রক্ষায় যেকোনো সামরিক হস্তক্ষেপে অংশ নিতে তারা প্রস্তুত।
বিশ্লেষকদের মতে, কয়েক সপ্তাহের টানা বিমান হামলায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে স্থল অভিযান বিবেচনা করছে। এমন পরিস্থিতিতে চেচেন বাহিনীর এই ঘোষণা সংঘাতকে আরও বিস্তৃত আকার ধারণের ইঙ্গিত দিচ্ছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে তারা ইতোমধ্যে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে অন্তত ৮৬ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে, ইরান অভিযোগ করেছে যে ইউক্রেন এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করছে এবং শত শত বিশেষজ্ঞ মোতায়েন করেছে। যদিও এসব দাবির কোনো নিরপেক্ষ নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এসব অভিযোগ সত্য হলে এটি রাশিয়া-পশ্চিমা দ্বন্দ্বের সঙ্গে সংঘাতকে আরও জটিলভাবে যুক্ত করবে।
চেচেন আর্মি কারা?
চেচেন আর্মি মূলত রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভের অনুগত বিশেষ সামরিক ইউনিট, যাদের ‘কাদিরোভৎসি’ বলা হয়। তারা রাশিয়ার নিরাপত্তা কাঠামোর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন সামরিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রমে অংশ নেয়।
আর/

