জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের (পিভিএ) স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা প্রায় ১২ বছরের কূটনৈতিক দায়িত্ব স্থগিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পদত্যাগ নোটিশে তিনি দাবি করেন, জাতিসংঘ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের একটি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।
সাফা বলেন, মানুষ পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে পারছে না। তার ভাষায়, ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা তৈরি হচ্ছে, যা ‘নিউক্লিয়ার উইন্টার’-এর মতো বৈশ্বিক বিপর্যয় ডেকে আনতে পারে। প্রায় এক কোটি মানুষের শহর তেহরানের কথা উল্লেখ করে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তা একটি ‘প্রভাবশালী লবি’র স্বার্থ রক্ষায় কাজ করছেন এবং ভিন্নমত দমন করছেন। একই সঙ্গে গাজা, লেবানন ও ইরান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়গুলো ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সাফা আরও জানান, ২০২৩ সালের অক্টোবরের পর ভিন্নমত প্রকাশের কারণে তিনি ও তার পরিবার হুমকির মুখে পড়েন। এমন পরিস্থিতিতে তিনি ‘মানবতার বিরুদ্ধে সম্ভাব্য অপরাধের অংশ বা সাক্ষী’ থাকতে না চেয়ে নিজের কূটনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হানান বালখিও এক সাক্ষাৎকারে সম্ভাব্য পারমাণবিক ঘটনার আশঙ্কার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এমন ঘটনা ঘটলে এর প্রভাব শুধু অঞ্চলে নয়, বরং বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি বিপর্যয় সৃষ্টি করবে।
তবে সাফার এসব অভিযোগের বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আর/

