ইতালি যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যাতে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের জন্য সিসিলির সিগোনেল্লা বিমানঘাঁটি ব্যবহার করা যায়।
মঙ্গলবার (৩১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এবং ইতালির প্রভাবশালী পত্রিকা ‘কোরিরে ডেলা সেরা’ এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কয়েকটি বোমারু বিমান পূর্ব সিসিলির সিগোনেল্লা ঘাঁটিতে অবতরণের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল। তবে ইতালি সরকার এই প্রস্তাবে অনুমতি দেয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অনুমতি চায়নি এবং ইতালির সামরিক নেতৃত্বকে বিষয়টি যথাযথভাবে অবহিত করেনি। ইতালিতে মার্কিন সামরিক স্থাপনা ব্যবহারের জন্য বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এই প্রক্রিয়া বাধ্যতামূলক।
ইতালির এই কঠোর সিদ্ধান্তে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিও ভূমিকা রেখেছে। অতি-বামপন্থি বিরোধী দলগুলো সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছে যাতে দেশটি যুক্তরাষ্ট্রের মাধ্যমে কোনো আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে না পড়ে।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থি সরকার জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের কোনো অনুরোধ আসলে তা অনুমোদনের আগে পার্লামেন্টের অনুমতি নেওয়া হবে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এই ঘটনায় ন্যাটো মিত্রদের মধ্যে সামরিক সমন্বয়ের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
আর/

