ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে ‘তেল নেই’ লিখে পাম্প বন্ধ রাখলেও ভেতরে বিপুল পরিমাণ জ্বালানি মজুত রাখার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে এ অনিয়ম ধরা পড়ে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা পর্যায়ে জ্বালানি বিক্রি বন্ধ রেখে মজুত করার অভিযোগের ভিত্তিতে কানাইপুর বাজারের হোসেন ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায়, পাম্পটি বন্ধ রাখা হলেও ভেতরে ৭ হাজার লিটার পেট্রোল, ৬ হাজার ৫০০ লিটার অকটেন এবং ১৪ হাজার ৫০০ লিটার ডিজেলসহ মোট ২৮ হাজার লিটার জ্বালানি মজুত রয়েছে।
অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাম্পটির ম্যানেজার সাবির চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পাম্পটি খুলে দিয়ে বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়। এ সময় পাম্প কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে।
অন্যদিকে, পাশের রয়েল ফিলিং স্টেশনেও অভিযান চালিয়ে দেখা যায়, সেখানে কেবল ডিজেল বিক্রি করা হচ্ছিল, যদিও পাম্পে ৩ হাজার ৫০০ লিটার পেট্রোল, ৩ হাজার ৪০০ লিটার অকটেন এবং ১৯ হাজার লিটার ডিজেল মজুত ছিল। পাম্প কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে ক্ষমা চাইলে তাৎক্ষণিকভাবে পেট্রোল ও অকটেন সরবরাহ চালুর নির্দেশ দেওয়া হয়, তবে এ ক্ষেত্রে কোনো জরিমানা করা হয়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আর/

