বড়াইগ্রামে পাওয়ার গ্রিডে পাহারাদারদের বেঁধে ১ কোটি ৯৩ লাখ টাকার সরঞ্জাম লুট

ডাকাতদের হামলায় জিম্মি চার পাহারাদার, সিসি ক্যামেরার হার্ডডিস্ক ও মোবাইলও নিয়ে গেছে দুর্বৃত্তরা

by ABDUR RAHMAN

নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিড সাব-স্টেশন থেকে প্রায় ১ কোটি ৯৩ লাখ টাকার সরঞ্জাম লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৫ মার্চ) রাতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কাছুটিয়া খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

দুর্বৃত্তরা গ্রিডে কর্মরত চারজন পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, মুখ, চোখ ও পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর রাতভর তারা গ্রিডের ভেতরে অবস্থান করে মূল্যবান সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

গ্রিড সংশ্লিষ্টদের তথ্যমতে, লুট হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের ৩৬৮টি ব্যাটারি, ৫৩ লাখ টাকা মূল্যের দুই হাজার মিটার তামার তার এবং প্রায় ২৬ লাখ ৬০ হাজার টাকার অন্যান্য সামগ্রী। এছাড়া সিসি ক্যামেরার হার্ডডিস্ক ও পাহারাদারদের মোবাইল ফোনও নিয়ে যায় দুর্বৃত্তরা।

পাহারাদারদের ভাষ্য অনুযায়ী, প্রথমে ৫-৬ জন ব্যক্তি প্রবেশ করে একজনকে খোঁজার অজুহাতে ভেতরে ঢোকে। পরে আরও ১৫-২০ জন যোগ দিয়ে তাদের জিম্মি করে। রাত প্রায় ১টা পর্যন্ত লুটপাট চালানোর পর তারা চলে যায়। ভোরে এক পাহারাদার নিজেকে মুক্ত করে অন্যদের ছাড়িয়ে বাইরে গিয়ে ৯৯৯-এ ফোন দেন।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাজ করছে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পটির কাজ শেষের পথে ছিল এবং জুনে উদ্বোধনের পরিকল্পনা ছিল। তবে এই ঘটনার ফলে নির্ধারিত সময়সূচি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ