সিরাজগঞ্জের এনায়েতপুরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বিএনপি ও গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এনায়েতপুর থানার কেজির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ও এস এম সাইফ মোস্তাফিজ নতুন সদস্যদের বরণ করে নেন এবং কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
গণঅধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগদান করা সমর্থক মাসুম শেখ বলেন, “চব্বিশের আন্দোলনের মধ্যদিয়ে গড়ে ওঠা এনসিপির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকে আমরা স্বেচ্ছায় যোগদান করেছি। আমাদের সঙ্গে কিছু বিএনপির সমর্থকও যোগ দিয়েছেন।”
এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, “বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা গত ১৭ বছরে লড়াই-সংগ্রাম, গুম ও খুনের শিকার হয়েছেন। এখন সুসময়ে এসে তারা দেখতে পাচ্ছেন যে, আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এর ফলে তারা এনসিপিতে যোগ দিয়েছেন।”
উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা যুবশক্তির সদস্যসচিব মুছা হাসেমীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। যোগদান কার্যক্রমে নতুন সদস্যদের শুভেচ্ছা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আর/

