স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিশুদের পরিবারকে ২ লাখ ডলার দেবে চীন

by ABDUR RAHMAN

ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য ২ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন।

শুক্রবার (১৩ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, চীন ওই হামলায় নিহত শিক্ষার্থীদের প্রতি গভীর শোক প্রকাশ করছে এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

গুও জিয়াকুন জানান, চীনের রেড ক্রস সোসাইটি জরুরি মানবিক সহায়তা হিসেবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে নিহত শিশুদের পরিবারের জন্য ২ লাখ মার্কিন ডলার প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলার কঠোর নিন্দা জানিয়ে তিনি বলেন, “স্কুলকে লক্ষ্য করে শিশুদের ক্ষতি করা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং মানবিক নৈতিকতার চরম লঙ্ঘন। চীন এ ধরনের পদক্ষেপের নিন্দা জানায়।”
তিনি আরও বলেন,
“মানবিক দৃষ্টিকোণ থেকে চীন ইরানের জনগণকে এই সংকট কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহায়তা দিতে আগ্রহী এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখবে।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলের হরমজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭৫ জন নিহত হয়, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামরিক তদন্তকারীরা ধারণা করছেন এই হামলার পেছনে মার্কিন বাহিনী জড়িত থাকতে পারে। তবে পেন্টাগন জানিয়েছে, বিষয়টি এখনও তদন্তাধীন এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।

সূত্র: সিনহুয়া

banner

এ জাতীয় আরো সংবাদ