মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দেশের জ্বালানি বাজারে সতর্কতা, তেল বিক্রিতে নির্দিষ্ট সীমা

by ABDUR RAHMAN

মধ্যপ্রাচ্যে ইরান–ইসরায়েল পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত এক জরুরি প্রজ্ঞাপনে ফিলিং স্টেশন থেকে বিভিন্ন ধরনের যানবাহনের জন্য নির্দিষ্ট পরিমাণ জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

নতুন নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার এবং একটি প্রাইভেটকার সর্বোচ্চ ১০ লিটার পেট্রোল বা অকটেন কিনতে পারবে। জিপ বা মাইক্রোবাসের ক্ষেত্রে ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত তেল নেওয়ার অনুমতি থাকবে। ডিজেলচালিত পিকআপ বা লোকাল বাসের জন্য নির্ধারিত সীমা ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার ট্রাক বা বাসের জন্য সর্বোচ্চ ২০০ থেকে ২২০ লিটার ডিজেল নেওয়া যাবে।

বিপিসি জানিয়েছে, দেশে ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈশ্বিক অস্থিরতার কারণে কখনো কখনো আমদানিতে বিলম্ব হওয়ার আশঙ্কা থাকে। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেলের মজুদ নিয়ে নানা নেতিবাচক তথ্য ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার প্রবণতা দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে ডিলার ও ভোক্তারা অননুমোদিতভাবে তেল মজুদ করার চেষ্টা করছেন। এসব কারণে কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কা থাকায় বিক্রির সীমা নির্ধারণ করা হয়েছে।

সরকার জানিয়েছে, বিদেশ থেকে নিয়মিত জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে এবং দেশের বিভিন্ন ডিপোতে পর্যাপ্ত বাফার স্টক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে সারাদেশে নিয়মিত তেল সরবরাহও অব্যাহত আছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় ক্রয় রশিদ নেওয়া বাধ্যতামূলক। রশিদে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ থাকতে হবে। পরবর্তীবার তেল সংগ্রহের সময় আগের ক্রয়ের মূল রশিদ জমা দিতে হবে। পাশাপাশি প্রতিটি ফিলিং স্টেশনকে তাদের দৈনিক মজুদ ও বিক্রির তথ্য সংশ্লিষ্ট ডিপোতে জানাতে হবে এবং নির্ধারিত বরাদ্দের বেশি তেল বিক্রি করা যাবে না।

সরকার আরও স্পষ্ট করেছে, সংকটের অজুহাতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বর্তমানে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ভোক্তা ও ডিলারকে নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ