ইবি ক্যাম্পাসে বিক্ষোভ, শিক্ষিকা হত্যার বিচার দাবি

by ABDUR RAHMAN

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে হত্যার ঘটনায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। সেখানে তারা অভিযুক্তের ফাঁসি নিশ্চিত করার দাবি জানান।

বিজ্ঞাপন
banner

বিক্ষোভে শিক্ষার্থীরা “বিচার বিচার বিচার চাই, শিক্ষক হত্যার বিচার চাই”, “আমার ম্যাম মরলো কেন? প্রশাসন জবাব চাই”, “ইবি কেন রক্তাক্ত? প্রশাসন জবাব চাই”, “দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত” এবং “উই ওয়ান্ট জাস্টিস”সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাজকল্যাণ বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া সাবরিনা বলেন, “এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। একজন কর্মচারীর কতটা সাহস থাকলে বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে নিজের কক্ষে একজন শিক্ষককে হত্যা করতে পারে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং খুনির ফাঁসি দাবি করছি।”

বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও ম্যাডামের নেতৃত্বে বিভাগটি ভালোভাবে পরিচালিত হচ্ছিল। বিভাগকে ঘিরে আমাদের সবার অনেক স্বপ্ন ছিল। কিন্তু যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, তার কোনো ব্যাখ্যা হতে পারে না। শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছে, আমি তার সঙ্গে একমত।

বিক্ষোভে শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ্যে হত্যাকারীর ফাঁসি নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং ক্যাম্পাসের বিভাগ ও হলগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা।

এছাড়া প্রতিটি সিসিটিভির ফুটেজ সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষণ, স্মার্ট আইডি কার্ড ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা, কর্মকর্তা-কর্মচারীদের জন্য নেমপ্লেটসহ আলাদা পোশাক চালু করা এবং বিভাগের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব নিশ্চিত করার দাবিও জানান শিক্ষার্থীরা।

তারা আরও বলেন, কোনো অস্থায়ী কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ দেওয়া যাবে না; প্রয়োজনে ইউজিসি বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে নিয়োগ দিতে হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ