খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সে আবারও হামলা

ডাকাতির টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে গুলি; পুলিশি সহায়তায় নিরাপদে যাত্রা

by ABDUR RAHMAN
খুলনায় গুলিবিদ্ধ যুবক রাজু হাওলাদার

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

খুলনায় গুলিবিদ্ধ এক যুবককে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি চালিয়েছে।

বিজ্ঞাপন
banner

সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর পথিমধ্যে সন্ত্রাসীরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি অ্যাম্বুলেন্সে লাগলে তিনি দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে আশ্রয় নেন।

পরে কাটাখালী হাইওয়ে পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্সটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে সীমানা পার করে দেওয়া হয়।

এর আগে একই দিন মহানগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাজু হাওলাদার (৩৮) গুরুতর আহত হন। তার পেটে গুলি লাগে।

আহত অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, ডাকাতির অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, কোথায় এবং কখন তাকে গুলি করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে আহত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে এবং ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

রাজু হাওলাদার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার আজাদ মাস্টার গলির বাসিন্দা বলে জানা গেছে।

আর /

banner

এ জাতীয় আরো সংবাদ