অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে জামায়াতে ইসলামীর দুই নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা জামায়াতের আমির মো. জাকির হোসেন ও উল্টাছড়ি ইউনিয়ন সভাপতি মো. মজনু মিয়া আহত হন।
রোববার (৩ মে) দুপুরে পানছড়ি বাজারের জিয়া স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে কয়েকজন ব্যক্তি লাঠিসোটা ও লোহার পাইপ নিয়ে এলাকায় অবস্থান করছিলেন। পরে জামায়াত নেতা ঘটনাস্থলে পৌঁছালে তারা আকস্মিক হামলা চালিয়ে দ্রুত সরে যান।
আহত জাকির হোসেন অভিযোগ করেন, সকালে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আল-আমিনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ সময় তাকে হুমকি দেওয়া হয়েছিল। পরবর্তীতে দুপুরে বাড়ি ফেরার পথে আল-আমিনের অনুসারী উজ্জ্বল ও আশরাফুলসহ ১০-১২ জন তার ওপর হামলা চালায় বলে তিনি দাবি করেন।
একই ঘটনার ধারাবাহিকতায় আহত মজনু মিয়া জানান, বাজার থেকে ফেরার পথে ব্রিজপাড় এলাকায় তাকে লক্ষ্য করে একই গ্রুপ হামলা চালায়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মো. আল-আমিন। তিনি বলেন, পার্কিং নিয়ে কথা কাটাকাটি হলেও পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন এবং হামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুতোষ চাকমা জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজন বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমান সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা স্থানীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আর/

