অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিকেলে সিটি করপোরেশনের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে হকারদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে সোমবার শহরের চাষাঢ়া প্রেসক্লাব ও নূর মসজিদের সামনের বঙ্গবন্ধু সড়ক এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে নাসিকের কর্মীরা ফুটপাত দখলমুক্ত করতে গেলে হকারদের একটি অংশ সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় জাহাঙ্গীর ও রুহুল নামে দুই কর্মচারী আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার সময় তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
এর আগে সকাল থেকেই ফুটপাতে বসার দাবিতে হকাররা বিক্ষোভ করেন এবং পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। সেখান থেকে ফিরে তারা পুনরায় চাষাঢ়া এলাকায় অবস্থান নেন।

বিকেলে আবারও ফুটপাতে বসার চেষ্টা করলে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্মীরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এ ঘটনাকে নেক্কারজনক উল্লেখ করে বলেন, নগরবাসীর স্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, হকারদের পুনর্বাসনের বিষয়েও চিন্তাভাবনা চলছে। তবে আইন অমান্য করে সহিংসতায় জড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে নাসিক। এরপর থেকেই পুনর্বাসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন হকাররা। সর্বশেষ এই হামলার ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আর/

