আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের পক্ষ থেকে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হলেও তা সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে দেওয়া এক পোস্টে জানায়, তাদের নৌবাহিনীর কোনো জাহাজে হামলার ঘটনা ঘটেনি। একই সঙ্গে তারা উল্লেখ করে, বর্তমানে ‘প্রজেক্ট ফ্রিডম’-এর আওতায় তারা সমুদ্রপথে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, সতর্কতা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি মার্কিন যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের আধা-সরকারি ফার্স নিউজও একই ধরনের তথ্য প্রকাশ করে।
জাস্ক দ্বীপের কাছাকাছি এই ঘটনার কথা উল্লেখ করে ইরান জানায়, তারা ওই অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং একটি নতুন মানচিত্রও প্রকাশ করেছে, যেখানে নিয়ন্ত্রণাধীন এলাকার সীমারেখা দেখানো হয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর ঘোষণা দেন। এই উদ্যোগের মাধ্যমে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সেন্টকম আরও জানায়, এ কার্যক্রমে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, শতাধিক বিমান এবং প্রায় ১৫ হাজার সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে। তবে এটিকে আনুষ্ঠানিক ‘এসকর্ট মিশন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।
অন্যদিকে, ইরান সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। এই সতর্কবার্তার পরই ক্ষেপণাস্ত্র হামলার দাবি সামনে আসে, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে। বর্তমানে উভয় পক্ষের বক্তব্যে বিভ্রান্তি থাকলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ব সম্প্রদায়।
সূত্র: সিএনএন, আল জাজিরা
আর/

