অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় নতুন মোড় নিয়েছে তদন্ত ও বিচারপ্রক্রিয়া। এই মামলার অন্যতম আসামি পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল আদালতে রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে হাজির হয়ে তার পক্ষে এ আবেদন জানানো হয়।
শুনানিতে তার আইনজীবী মোহাম্মদ আলী হায়দার বলেন, তার মক্কেল মামলার প্রকৃত ঘটনা উদঘাটনে সহায়তা করতে রাজসাক্ষী হতে চান। তবে আদালত বিষয়টি পর্যালোচনা করে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে উল্লেখ করেন, উপস্থাপিত মেডিকেল রিপোর্ট অনুযায়ী তার শারীরিক অবস্থা বর্তমানে গুরুতর নয়।
শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, আবদুল জলিল মণ্ডল ২০২০ সাল থেকে হৃদরোগে ভুগছেন এবং তার হার্টে সাতটি ব্লক রয়েছে। এ সংক্রান্ত নথিও আদালতে জমা দেওয়া হয়। কিন্তু এসব যুক্তি আদালতকে সন্তুষ্ট করতে পারেনি।
বর্তমানে তিনি এই মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন আসামি হিসেবে কারাগারে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া চলমান আছে।
এদিকে, একই ট্রাইব্যুনালে রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’তে অভিযানের নামে ৯ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ জুন দিন ধার্য করা হয়েছে।
এছাড়া, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মে।
উল্লেখ্য, ২০১৩ সালের শাপলা চত্বরের অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক, মানবাধিকার সংস্থার প্রতিবেদন এবং রাজনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে এই মামলার বিচার প্রক্রিয়া আবারও গতি পাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
আর/

