ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তবে সে বিষয়ে তার কোনো আপত্তি থাকবে না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, মার্কিন বিশ্লেষক টাকার কার্লসন এর সঙ্গে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। সেখানে কার্লসন ইসরায়েলের সম্ভাব্য ভৌগোলিক সীমানা নিয়ে প্রশ্ন তুললে হাকাবি বাইবেলের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, এই ভূমি ঈশ্বর ইসরায়েলিদের দিয়েছেন এবং পুরো অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তাদের অধিকার।
তিনি আরও বলেন, নীল নদ থেকে ফোরাত (ইউফ্রেটিস) নদী পর্যন্ত বিস্তৃত এলাকায় ইসরায়েলের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ‘যথার্থ’ হবে।
বিশেষজ্ঞদের মতে, ‘নাইল থেকে ইউফ্রেটিস’ পর্যন্ত ভূখণ্ডের ধারণাটি মূলত তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল’ মতবাদের সঙ্গে সম্পৃক্ত। এ ধারণায় লেবানন থেকে শুরু করে সৌদি আরবের মরুভূমি অঞ্চল এবং ভূমধ্যসাগরীয় উপকূল থেকে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত এলাকা অন্তর্ভুক্ত বলে বিবেচনা করা হয়।
উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাইক হাকাবিকে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন।
সূত্র: এক্সপ্রেস নিউজ।
আবুআ/

