রমজান মাসে হুমকিমূলক চিঠি পাওয়ার পর অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ মসজিদ লাকেম্বা মসজিদ ঘিরে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার সিডনির পশ্চিমাঞ্চলে অবস্থিত মসজিদটিতে পাঠানো এক চিঠিতে মুসলমানদের হত্যার হুমকি দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, এই চিঠি পাওয়ার কয়েক সপ্তাহ আগে মসজিদ কর্তৃপক্ষের কাছে ই-মেইলের মাধ্যমে একটি ছবি পাঠানো হয়েছিল, যেখানে মসজিদটিকে আগুনে জ্বলতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, হুমকিমূলক ই-মেইল পাঠানোর অভিযোগে ৭০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। সাম্প্রতিক চিঠির ঘটনায় চিঠিটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় ও বড় ধরনের জমায়েতগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে মসজিদ পরিচালনাকারী লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ান সরকারের কাছে অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য বাড়তি অর্থায়নের দাবি জানিয়েছে।
অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস- এর তথ্য অনুযায়ী, লাকেম্বা এলাকায় ৬০ শতাংশের বেশি বাসিন্দা মুসলিম। রমজান মাসে প্রতিদিন রাতে প্রায় ৫ হাজার মুসল্লির মসজিদে আগমনের সম্ভাবনা রয়েছে।
ক্যান্টারবুরি ব্যাংকসটাউন কাউন্সিল- এর মেয়র বিলাল আল-হায়েক বলেছেন, হুমকি চিঠির ঘটনায় মুসলিম কমিউনিটির মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সাম্প্রতিক হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ান সরকারের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের শেষ দিকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে দেশটিতে মুসলিমবিরোধী মনোভাব বেড়েছে।
সূত্র: ডেইলি জং।
আবুআ/

