শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, রাতে কিশোরদের অযাচিতভাবে রাস্তায় ঘোরাফেরা বন্ধ করতে হবে। এখন থেকে রাতে কোনো কিশোরকে রাস্তায় ঘুরতে দেখা গেলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এ প্রক্রিয়ায় কোনো সাংবিধানিক প্রশ্ন বা জটিলতা তৈরি হলে তা পরবর্তীতে বিবেচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।
এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, “কেউ যদি দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে তিনি যেন অন্যত্র বদলি নিয়ে চলে যান।”
তিনি জোর দিয়ে বলেন, “আমি জীবনে দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতে দেবো না—এটাই আমার প্রতিজ্ঞা।”
তিনি আরও বলেন, “যারা এই প্রতিজ্ঞার সঙ্গে একমত নন, তারা স্বেচ্ছায় অন্যত্র বদলি হতে পারেন।”
প্রয়োজন হলে তিনি নিজেই ভালো জায়গা দেখে বদলির ব্যবস্থা করে দেবেন। তবে তিনি তার নির্বাচনি এলাকাকে দুর্নীতিমুক্ত ও সুশাসনের আওতায় রাখতে বদ্ধপরিকর বলেও জানান।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আর/

