লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ৬টি সিলসহ আটক ব্যবসায়ী সোহেল রানা ও জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের নামে মামলা করেছে পুলিশ।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আটক সোহেলকে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। তবে আত্মগোপনে রয়েছেন জামায়াত নেতা শরীফ। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে জেলা জামায়াতের আমির।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর থানা পুলিশ এসআই হুমায়ুন কবির বাদী হয়েছে দুজনের নামে মামলা করেন।
গ্রেপ্তার সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। সৌরভ হোসেন শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও দক্ষিণ বাঞ্ছানগর এলাকার মো. শাজাহানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তার দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করে পুলিশ। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার তথ্যের ভিত্তিতে ও হোয়াটসঅ্যাপে কথোপকথন, ভয়েস ম্যাসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা শরীফকেও মামলা আসামি করা হয়।
এআইএল/

