ক্ষমতায় গেলে কওমি মাদরাসার স্বীকৃতি দেবো : জামায়াত আমীর

by fateema janna

ন্যায় ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বিচারের ক্ষেত্রে ব্যক্তি নয়, অপরাধই বিবেচ্য হবে। সাধারণ নাগরিক ও প্রেসিডেন্ট—অপরাধ করলে সবার জন্য শাস্তি হবে সমান।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-৪ ও ৫ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, জামায়াত ক্ষমতায় গেলে জনপ্রতিনিধিদের প্রতি ছয় মাস পরপর জনগণের কাছে জবাবদিহি করতে হবে। জনপ্রতিনিধিরা শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে।

বিজ্ঞাপন
banner

কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, দীর্ঘদিন ধরে কওমি মাদরাসার প্রতি অবহেলা করা হয়েছে। সিনিয়র স্তরের কিছু সনদের স্বীকৃতি থাকলেও নিম্নস্তরের সনদগুলো এখনো বঞ্চিত। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কওমি মাদরাসার সর্বস্তরের সনদের পূর্ণ স্বীকৃতি দেয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থায় বাংলা ভাষার পাশাপাশি আরবি ও ইংরেজির ওপর গুরুত্ব দেয়া হবে, যাতে আগামী প্রজন্ম বিশ্বে দক্ষতার স্বাক্ষর রাখতে পারে। যুবসমাজকে বেকার ভাতা নির্ভর না করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হবে।

নারী সমাজের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বড় শহরগুলোতে ইভেনিং বাস সার্ভিস চালুর ঘোষণাও দেন জামায়াত আমীর। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তেই জামায়াতে ইসলামী রাজনীতি করছে।

 

banner

এ জাতীয় আরো সংবাদ