জামায়াতের সঙ্গ ত্যাগ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীরকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমির বলেন, নির্বাচনের আগে মওদুদীবাদী জামায়াতের জোট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সাহসী সিদ্ধান্ত গ্রহণ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে আন্তরিক মুবারকবাদ জানাই।
তিনি বলেন, আমরা হেফাজতের পক্ষ থেকে ৫ আগস্ট পরিবর্তিত বাংলাদেশে সহীহ আকিদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করেছি। মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহ্বান করেছি।
তিনি আরো বলেন, ঈমান, আকিদা বাদ দিয়ে কারও সঙ্গে জোট না করতে সতর্ক করেছি। আলহামদুলিল্লাহ, মওদুদীবাদ জামায়াতের খপ্পর থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা তৈরি করতে পারায় বিশেষ মুবারকবাদ জানাই। ইসলামপন্থী রাজনীতির জন্য এ পথচলা আগামীতে ভালো অবস্থা তৈরি করবে।
বিবৃতিতে তিনি আরো বলেন, হেফাজত বরাবরের মতো আগামী নির্বাচনেও কোনো দলের পক্ষে অবস্থান নেবে না। যারা নিরেট ইসলামপন্থাকে ধারণ করে জনগণ তাদেরই ভোট দেবেন বলে আমি আশাবাদী।

