ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত সোমালিল্যান্ড সফরের তীব্র নিন্দা জানিয়ে সোমালিয়ার প্রতি সংহতি প্রকাশ করেছেন মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা।
পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ইরান, কাতার, ওমান, মিসর, লিবিয়া, ইয়েমেন, ইন্দোনেশিয়া ও সোমালিয়াসহ ২২টি ইসলামী দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এ বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, ৬ জানুয়ারি ২০২৬ তারিখে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সোমালিল্যান্ড সফর সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইসরায়েলের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং এটি অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়াতে পারে।
উল্লেখ্য, আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনা উপেক্ষা করেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বিতর্কিত অঞ্চল সোমালিল্যান্ড সফর করেন এবং সেখানে স্বঘোষিত প্রেসিডেন্ট আব্দুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সংবাদ সংস্থার তথ্যমতে, গিদেওন সার রাজধানী হারগেইসায় প্রেসিডেন্ট ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় ভবিষ্যতে দূতাবাস খোলা এবং রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে আলোচনা হয়।
সূত্র: ডেইলি জং।
আবুআ/

