ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি।
গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি ও সাধারণ ভোটারদের হাতে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করে ভোট চান জাইমা রহমান। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।”
গণসংযোগকালে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে বীজ বিতরণ করতে দেখা যায় তাকে। এসব বীজ মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে বলে জানান তিনি। নির্বাচনি বর্জ্য কমানো ও পরিবেশ রক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জাইমা রহমান।
এ সময় তার সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুন উপস্থিত ছিলেন। নিরাপত্তা সদস্যরা সঙ্গে থাকলেও জাইমা রহমান সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিশে গণসংযোগ করেন।
গুলশান পুলিশ প্লাজা থেকে গুলশান-১ সার্কেল পর্যন্ত গণসংযোগ চলাকালে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা যায়। অনেকেই তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আর/

