অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
বিদেশে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার মুখে পড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন রাজনীতিক ও চিকিৎসক ডা. তাসনিম জারা।
মঙ্গলবার (১৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিদেশে যারা হামলা, ডিম নিক্ষেপ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তারা মূলত নিজেদের হতাশা ও রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।
একই পোস্টে তাসনিম জারা লেখেন, “হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি। জনগণের অধিকারের পক্ষে অবস্থানের কারণে তাদের উভয়ের প্রতি শ্রদ্ধা।”
সম্প্রতি যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে হাসনাত আবদুল্লাহর একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সোমবার (১৫ জুন) বিকেল থেকে এনসিপি ও আওয়ামী লীগ সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে বলে জানা যায়।
অন্যদিকে ভারতের কলকাতায় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে ঘিরেও অপ্রীতিকর পরিস্থিতির অভিযোগ উঠেছে। প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর মঙ্গলবার (১৬ জুন) এক ফেসবুক পোস্টে দাবি করেন, কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন ব্যক্তি মোশাররফ করিমকে উদ্দেশ করে কটূক্তি ও গালাগালি করেন।
ওই পোস্টে আরও দাবি করা হয়, একপর্যায়ে কয়েকজন ব্যক্তি তার দিকে তেড়ে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং ঘটনাটি হাতাহাতির পর্যায়েও গড়ায়। এ সময় তার সঙ্গে স্ত্রী রোবেনা রেজা জুঁই উপস্থিত ছিলেন।
বিদেশের মাটিতে দুই ভিন্ন ঘটনায় আলোচিত এই দুই ব্যক্তিত্বের প্রতি সংহতি জানিয়ে তাসনিম জারার দেওয়া মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আর/

