অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এই কাজটি বাগিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সরকারের কঠোর সমালোচনা করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশে কর্মসংস্থান নেই, বাজারে স্বস্তি নেই এবং কোনো বিনিয়োগও নেই; চারদিকে কেবল মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শোনা যাচ্ছে। কখনো মন্ত্রীর ছেলে, কখনো স্ত্রী, আবার কখনো ভাইয়ের নাম এ ধরনের কেলেঙ্কারিতে আলোচনায় আসছে বলে মন্তব্য করেন তিনি।
সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি আরও লেখেন, ‘একদিকে প্রধানমন্ত্রী ১৫০ টাকার লাঞ্চের গল্প শুনিয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার উপদেশ দিচ্ছেন, অন্যদিকে মন্ত্রীদের পরিবারের সদস্যদের ঘিরে হাজার কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠছে।’ সাধারণ মানুষকে সাশ্রয় করার নসিহত দেওয়া হচ্ছে, অথচ ক্ষমতাবানদের স্বজনদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের গুরুতর অভিযোগ উঠছে বলেও ক্ষোভ প্রকাশ করেন এই রাজনৈতিক নেতা। পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন রেখে লেখেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান?’

