অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
নারায়ণগঞ্জসহ সারা দেশে চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তারা একদিকে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে চাঁদাবাজদের নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এ কারণে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা থাকা উচিত এবং জনগণের মনের ভাষা বুঝে রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন। জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব না দিলে পরিস্থিতি আরও জটিল হবে বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশে তিনি নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। প্রকাশ্যে তারা না বললেও তাদের আচরণে ভয়ের ছাপ স্পষ্ট।
চাঁদাবাজি ইস্যুতে তিনি প্রশ্ন তোলেন, এসব চিহ্নিত চাঁদাবাজরা কারা এবং তারা কার ছত্রছায়ায় কাজ করছে—এ বিষয়ে জনগণ সচেতন বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, অতীতে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণার ঘটনা ঘটেছে। কেউ কেউ ধর্মের নামে ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে প্রভাবিত করার চেষ্টা করেছে বলেও তিনি দাবি করেন।
তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, কেউ কোনো “জান্নাতের টিকিট” বিক্রি করেনি এবং জনগণ এসব বিভ্রান্তিতে জড়ায়নি। ধর্মীয় বিষয়কে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা জনগণ বুঝতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মো. আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্য নেতারা।
অনুষ্ঠানে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের আমির আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দেওয়ার কথাও জানানো হয়।
আর/

