চট্টগ্রাম থেকে প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণে দেশে জ্বালানি খাতে চাপ তৈরি হওয়ায়, অবৈধ তেল কারবার ঠেকাতে জেলা প্রশাসন প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।
জানা যায়, শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে পতেঙ্গার কমিশনার ঘাট এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সুব্রত হালদার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নেন। অভিযান চলাকালীন ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি এবং উদ্ধার করা ডিজেল পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে প্রশাসন জানতে পেরেছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে তেল পরিবহনের সময় একটি অসাধু চক্র অবৈধভাবে তেল অপসারণ করে বিভিন্ন স্থানীয় বিক্রেতার কাছে সরবরাহ করতো। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।
জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ রোধ করতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তেল ডিপো, পেট্রোল পাম্প ও সংশ্লিষ্ট তেল কারবারিদের প্রশাসনের কঠোর নজরদারিতে রাখা হয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।
তাছাড়া, জ্বালানি তেলের সরবরাহ-চাহিদা সমন্বয় ও জনসচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসকদের সঙ্গে প্রতিদিন অনলাইনে বৈঠক করা হচ্ছে। কিউআর কোড, ব্যানার, স্কুলভিত্তিক প্রচার, উপাসনালয়ে বার্তা এবং লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে উৎসাহিত করা হচ্ছে।
আর/

