গরুর মাংস রান্নার অভিযোগে ভারতের উত্তর প্রদেশে তিন মুসলিম নারী গ্রেপ্তার

অভিযানে উদ্ধার করা মাংস পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে; প্রতিবেদন পাওয়ার আগেই তিন নারীর বিরুদ্ধে মামলা দায়ের।

by ABDUR RAHMAN
গরুর মাংস রান্নার অভিযোগে ভারতের উত্তর প্রদেশে তিন মুসলিম নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ভারতের উত্তর প্রদেশের কৌশাম্বি জেলায় গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে উদ্ধার করা মাংসটি সত্যিই গরুর কি না, তা নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে তদন্তকারী সংস্থা।

বিজ্ঞাপন
banner

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গত বুধবার একটি গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। অভিযোগ ছিল, সেখানে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ পালিয়ে যান। পরে পালানোর চেষ্টা করলে নারী পুলিশ সদস্যরা শামা পারভিন, শাইস্তা ও ফাতিমাকে আটক করেন। পরবর্তীতে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

অভিযানে একটি পাতিলে রাখা প্রায় এক কেজি রান্না করা মাংস এবং একটি পলিথিন ব্যাগে প্রায় এক কেজি কাঁচা মাংস উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। উদ্ধার করা নমুনা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

কৌশাম্বির পুলিশ সুপার অভিষেক সিং জানান, জিজ্ঞাসাবাদের সময় আটক নারীরা দাবি করেছেন, মাংসটি গরুর এবং পরিবারের এক সদস্য রাজ্যের বাইরে থেকে এটি নিয়ে এসেছিলেন। তবে বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

এদিকে, ফরেনসিক প্রতিবেদন এখনো না এলেও উত্তর প্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের আওতায় তিন নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের স্বামী ও এক আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার করা মাংস কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং পরিবারটি এর আগে একই ধরনের মাংস সংগ্রহ করেছিল কি না, সে বিষয়েও পৃথক তদন্ত চলছে। উত্তর প্রদেশে গরু জবাইবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করা হয় এবং এ-সংক্রান্ত অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়ে থাকে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ইয়েনি শাফাক

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ