আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণ এবং লঙ্ঘিত জাতীয় অধিকার পুনরুদ্ধারে দেশটির বিচার বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, বিদেশি আগ্রাসনের ফলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা বর্তমানে বিচার বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
রোববার (২৮ জুন) বিচার বিভাগ সপ্তাহ এবং ইরানের সাবেক প্রধান বিচারপতি শহিদ আয়াতুল্লাহ মোহাম্মদ বেহেশতি ও তার সহযোদ্ধাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।
খামেনি বলেন, জনগণের অধিকার রক্ষা কেবল ব্যক্তিগত আইনি বিষয় নয়; বরং বিদেশি আগ্রাসনের কারণে ক্ষতিগ্রস্ত জাতীয় অধিকার পুনরুদ্ধারও বিচার বিভাগের সাংবিধানিক দায়িত্বের অংশ। তিনি বিচার বিভাগকে জনস্বার্থ রক্ষা, বৈধ স্বাধীনতা নিশ্চিত, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের যথাযথ প্রয়োগে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
তিনি দাবি করেন, ২০২৫ সালের জুন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতদের রক্ত, আহতদের শারীরিক ও মানসিক ক্ষতি, সম্পদের ধ্বংস এবং দেশের ভেতরে ও বাইরে ইরানি জনগণের ক্ষয়ক্ষতি—এসব ঘটনাকে কেন্দ্র করে শত শত, এমনকি হাজারো আইনি মামলা করা সম্ভব।
মিনাব ও লামের্দে শিশু হত্যাসহ হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র ও অন্যান্য জনসেবামূলক স্থাপনায় হামলার ঘটনাও উল্লেখ করেন মোজতবা খামেনি। তার ভাষায়, নবজাতক থেকে প্রবীণ নাগরিক—বিভিন্ন বয়সী মানুষের প্রাণহানির প্রতিটি ঘটনার বিচার দেশীয় ও আন্তর্জাতিক আদালতে গুরুত্বের সঙ্গে অনুসরণ করতে হবে।
তিনি বলেন, অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদের অপরাধের পরিণতি ভোগ করতে হবে। খামেনির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েকজন নেতা প্রকাশ্যে এসব সামরিক অভিযানের দায় স্বীকার করেছেন এবং তা নিয়ে গর্বও প্রকাশ করেছেন। এসব বক্তব্য ভবিষ্যৎ আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে।
বার্তায় তিনি আরও বলেন, গত বছর বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়াতুল্লাহ আলি খামেনির বৈঠকে যুদ্ধকালীন অপরাধ তদন্তের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটি সর্বশেষ সংঘাতের ক্ষেত্রেও বাস্তবায়ন করতে হবে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখতে হবে।
এ ছাড়া বিচারব্যবস্থার সংস্কারে আন্তরিকতা, উদ্ভাবনী উদ্যোগ, আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থার কার্যকর ব্যবহার নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
সূত্র: মেহের নিউজ এজেন্সি, প্রেস টিভি
আর/

