আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য এক কোটি ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। সংগঠনটির দাবি অনুযায়ী, ট্রাম্পকে হত্যা করতে পারলে ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো গোষ্ঠীকে এ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।
ইরাকি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরানপন্থি এই সংগঠনটি একটি বিবৃতিতে এ ঘোষণা দেয়। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এক কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি টাকার বেশি।
বিবৃতিতে আইআরআই ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করে। সংগঠনটির দাবি, তাদের সদস্য ও সমর্থকদের কাছ থেকে পাওয়া অনুদানের অর্থ দিয়ে এই পুরস্কারের অর্থ নির্ধারণ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, শিশু ও বিজ্ঞানীদের হত্যার অভিযোগ তুলে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। তারা দাবি করেছে, ‘অপরাধী’ হিসেবে যাকে তারা উল্লেখ করছে, তাকে বিচারের মুখোমুখি করতে তাদের সমর্থকরা কাজ চালিয়ে যাবে।
সংগঠনটি তাদের বিবৃতিতে প্রতিশোধকে ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ হিসেবেও উল্লেখ করেছে। একই সঙ্গে তারা নিজেদের বক্তব্যে আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডে নিজের ভূমিকার কথা উল্লেখ করেছেন বলে দাবি করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ওই মন্তব্যের পরই ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক ট্রাম্পের বিরুদ্ধে এই পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নেয় বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
তবে এ ঘোষণার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার বা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: গালফ নিউজ
আর/

