নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের তারাকান্দায় ৩ সড়ক উন্নয়ন ও নির্মাণের প্রাক্কলন প্রণয়নের জন্য মোট ৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে যোগাযোগ সমস্যায় থাকা সংশ্লিষ্ট এলাকার মানুষের মধ্যে এ অনুমোদনে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এসব সড়কের প্রাক্কলন প্রণয়নের অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারি অনুমোদন অনুযায়ী, তারাকান্দা উপজেলার তিনটি সড়কের জন্য পৃথকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মোজাহারদী–গাছতলা বাজার–কামারিয়া চৌরাস্তা বাজার ভায়া কদমতলী–ফতেপুর–হরিপুর সড়কের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা, পেয়ারী ইউপি দাদরা বাজার রোড পর্যন্ত তারাকান্দা অংশের সড়কের জন্য ৩ কোটি ৪৫ লাখ টাকা এবং কামারিয়া ইউনিয়নের কাশিগঞ্জ থেকে চাড়িয়া বাজার সড়কের জন্য ১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।
স্থানীয়রা বলছেন, সড়কগুলোর উন্নয়ন হলে তারাকান্দার বিভিন্ন ইউনিয়নের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় যাতায়াতের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।
এদিকে তারাকান্দার মানুষের দীর্ঘদিনের সড়ক যোগাযোগের সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে বিষয়টি সামনে আনা এবং উন্নয়ন কার্যক্রমে তৎপরতার জন্য স্থানীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর প্রশংসা করছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, জনগণের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে এমপির এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে তারাকান্দার যোগাযোগব্যবস্থায় আরও দৃশ্যমান পরিবর্তন আসবে।
সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ এ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি তিনি জনগণের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
সরকারি অনুমোদনের পরবর্তী ধাপে সংশ্লিষ্ট সড়কগুলোর প্রাক্কলন প্রস্তুত ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে যাবে।

