অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য শাজাহান চৌধুরী বলেছেন, এই বাজেট “জুলাইয়ের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নয়” এবং এটি ফ্যাসিস্ট সরকারের লোকদের দিয়ে তৈরি করা হয়েছে।
শনিবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিশাল প্রত্যাশা নিয়ে এই সংসদ গঠিত হলেও বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তার মতে, জনপ্রশাসনে দীর্ঘদিন সুবিধাভোগীরা এখনো বহাল রয়েছে, অথচ বঞ্চিতদের ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অর্থমন্ত্রী ব্যবসায়ী হওয়ায় বাজেটটি ব্যবসার স্বার্থে প্রণয়ন করা হয়েছে, সাধারণ মানুষের স্বার্থ এতে প্রতিফলিত হয়নি।
বাজেট প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, অতীত সরকারের সময়ে যেভাবে বাজেট তৈরি করা হতো, এবারের বাজেটও একই ধাঁচে প্রণীত হয়েছে এবং এতে জুলাইয়ের চেতনা অনুপস্থিত।
শাজাহান চৌধুরী কৃষি খাতের প্রসঙ্গ তুলে বলেন, আগের সরকারের কৃষিমন্ত্রীদের মতো পরিবর্তন বর্তমান বাজেটে দেখা যায়নি। কৃষকদের জন্য বরাদ্দ কমানো হয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
তিনি গ্যাস সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, গ্যাস অনুসন্ধানে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি। চট্টগ্রামের গ্যাস ক্ষেত্রগুলো পরীক্ষা-নিরীক্ষা ও অনুসন্ধান বাড়ানোর আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য বলেন, বাজেটে কিছু মন্ত্রণালয়ে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হলেও অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পর্যাপ্ত অর্থ পাচ্ছে না, যা প্রশাসনিক ভারসাম্যহীনতা তৈরি করছে।
তিনি চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, এটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্রুত উন্নয়ন প্রয়োজন।
শাজাহান চৌধুরী আরও বলেন, ইসলামী ব্যাংক ও কিছু বড় আর্থিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসব ঘটনার বিচার হওয়া উচিত।
তিনি দাবি করেন, পুলিশে এখনো অনেক শূন্য পদ রয়েছে এবং পূর্ববর্তী নিয়োগ ব্যবস্থা নিয়েও প্রশ্ন রয়েছে।
সবশেষে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, দেশের স্বার্থে বাজেট পুনর্বিবেচনা করে কৃষি, গ্যাস অনুসন্ধান ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর বরাদ্দ বৃদ্ধি করা উচিত।
আর/

