নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং সেক্রেটারি সুলতান মাহমুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা শফিকুল ইসলামের ইন্তেকালে সংগঠন একজন নিবেদিতপ্রাণ দাঈ, দক্ষ সংগঠক এবং ইসলামী আন্দোলনের একজন অক্লান্ত কর্মীকে হারাল। দ্বীনের পথে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও ত্যাগ সংগঠনের কর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় নেতারা মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের মাগফিরাত কামনা করেন। তারা দোয়া করেন, আল্লাহ যেন তাঁর সব গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করেন।
এ ছাড়া মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান তারা। একই সঙ্গে তাদের জন্য ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন। বাদ ইশা দেওভোগে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

