‘প্রবাসীদের ভোগান্তির কথা বলায় মুক্তিযোদ্ধাকে রিমান্ড!’: সরকারের তীব্র সমালোচনা সাদিক কায়েমের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে মুখ খোলায় মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ ডাকসু ভিপির।

by ABDUR RAHMAN
প্রবাসীদের ভোগান্তির কথা বলায় মুক্তিযোদ্ধাকে রিমান্ড

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

যে সরকার একটি আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা ঠিকমতো সামলাতে পারে না, সেই সরকার কীভাবে টানা পাঁচ বছর সফলভাবে দেশ পরিচালনা করবে—এমন তীব্র প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বিজ্ঞাপন
banner

শনিবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। বিবৃতিতে সাদিক কায়েম বলেন, যেকোনো দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মূলত ওই রাষ্ট্রের সক্ষমতা ও শাসন ব্যবস্থার আয়নাস্বরূপ। অথচ ২০২৬ সালের আন্তর্জাতিক ‘স্কাইট্র্যাক্স’ (Skytrax) র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার সেরা ১০টি বিমানবন্দরের তালিকা তো দূরের কথা, বিশ্বের শীর্ষ ১০০টি বিমানবন্দরের তালিকাতেও স্থান করে নিতে পারেনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

তিনি আরও উল্লেখ করেন, এই বিমানবন্দরের ধারাবাহিক যাত্রী হয়রানি ও চরম বিশৃঙ্খলা নিয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি সেই প্রবাসীদের অধিকারের কথা বলেছিলেন, যাদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে দেশের অর্থনীতি সচল থাকে। অথচ প্রবাসীদের মালামাল চুরি ও অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে, উল্টো ভুক্তভোগীদের পক্ষে কথা বলায় মেজর আখতারুজ্জামানকে দ্রততম সময়ে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে কায়েম ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধে যুক্ত দুর্বৃত্ত ও হামলাকারীদের দীর্ঘদিনেও আইনশৃঙ্খলা বাহিনী ধরতে না পারলেও, একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক ও মুক্তিযোদ্ধাকে মামলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হ্যান্ডকাফ ও হেলমেট পরিয়ে রিমান্ডে নেওয়া হলো, যা চরম লজ্জাজনক।

ডাকসু ভিপি অভিযোগ তুলে আরও বলেন, বর্তমান বিএনপি সরকার শুরু থেকেই প্রবাসীবিদ্বেষী মনোভাব দেখিয়ে আসছে। নির্বাচনের পূর্বে প্রবাসীদের ভোটাধিকারের বিরোধিতা করা থেকে শুরু করে বর্তমানে তাদের ভোগান্তি নিয়ে কথা বলায় জ্যেষ্ঠ নাগরিকদের হেনস্তা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনা নিয়ে নির্বাহী কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মেজর (অব.) আখতারুজ্জামান। এই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া ও হেনস্তার অভিযোগে মামলা হলে পরদিন শুক্রবার ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ