অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
বাংলাদেশের সাধারণ ই-পাসপোর্টের নকশায় বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। নতুন নকশায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংযোজনের পাশাপাশি শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ হিসেবে যুক্ত করা হচ্ছে।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ পরিবর্তনের মাধ্যমে নতুন এই নকশা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের বিভিন্ন অনুষঙ্গও নতুন পাসপোর্টে স্থান পাচ্ছে।
নতুন নকশা অনুযায়ী, ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি জলছাপ হিসেবে যুক্ত থাকবে। এ ছাড়া শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের আত্মত্যাগের প্রতীকী উপস্থাপনাও পাসপোর্টের নিরাপত্তা নকশার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
পাসপোর্টের বিভিন্ন পাতায় জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানাম নগর ও কার্জন হলসহ দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার জলছাপ ব্যবহার করা হবে।
প্রাকৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর এবং নীলগিরির দৃশ্যও নতুন পাসপোর্টে স্থান পাচ্ছে। পাশাপাশি জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-এর নকশাও যুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পাসপোর্টের ডাটা পেজে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’—এই ঘোষণা বহাল থাকবে। নতুন নকশা দ্রুত কার্যকর করতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি বিভিন্ন সরকারি নথি ও রাষ্ট্রীয় পরিচয়চিহ্নে দেশের ইতিহাস, সংস্কৃতি এবং গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনাগুলোর প্রতিফলন বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে পাসপোর্টের নকশাতেও এই পরিবর্তন আনা হচ্ছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আর/

