অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে চুরির অভিযোগে আটক এক যুবককে স্থানীয়দের উদ্যোগে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তওবা করানোর পর ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা রেজাউল করিম (৩৫)-এর বিরুদ্ধে একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ ওঠে। অভিযোগের পর স্থানীয় লোকজন তাকে আটক করেন।
পরে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে রেজাউল করিম নিজের ভুল স্বীকার করেন বলে দাবি করা হয়। এ সময় তাকে তওবা করানো হয় এবং ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে চুরি বা অন্য কোনো অপরাধে জড়াবেন না—এমন অঙ্গীকার নেওয়ার পর স্থানীয়দের সিদ্ধান্তে তাকে ছেড়ে দেওয়া হয়।
জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহাম্মদ খান বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটলেও অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। শুক্রবার চুরির অভিযোগে রেজাউল করিমকে হাতেনাতে আটক করা হয়। তার ভাষ্য অনুযায়ী, শাস্তির মূল উদ্দেশ্য ছিল অভিযুক্তকে সংশোধনের সুযোগ দেওয়া।
ঘটনার বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বিষয়টি পুলিশকে কেউ জানায়নি। তিনি জানান, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, চুরির অভিযোগে কাউকে আটক করা হলে আইন অনুযায়ী তাকে পুলিশের কাছে হস্তান্তর করা উচিত।
আর/

