অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার, জুলাই-পিলখানা-শাপলা চত্বরের গণহত্যার বিচার এবং গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের তিন দফা দাবিতে ৩৬ দিনের দীর্ঘ পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ‘মার্চ ফর ইনসাফ’ শীর্ষক এই কর্মসূচি আগামী ৭ অক্টোবর দেশের সর্বউত্তরের সীমান্ত তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে শুরু হয়ে সর্বদক্ষিণের টেকনাফের জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে।
সোমবার (০৫ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের সভাপতিত্বে এবং সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমার সঞ্চালনায় সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শহীদ পরিবারের সদস্য এবং গণঅভ্যুত্থানের যোদ্ধারা সংহতি প্রকাশ করেন।
সংগঠনের সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা জানান, শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীর দিন থেকেই এই ন্যায়বিচারের যাত্রা শুরু হবে। ৩৬ দিনের এ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্তে পদযাত্রা, পথসভা ও গণসংযোগের মাধ্যমে তিন দফা দাবি তুলে ধরা হবে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ অক্টোবর পদযাত্রাটি ঢাকায় পৌঁছাবে এবং রাজধানীর শাহবাগে ‘শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে’ বড় ধরনের সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর তা দক্ষিণাঞ্চল হয়ে টেকনাফের দিকে অগ্রসর হবে।
মতবিনিময় সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ২০২৪ পরবর্তী বাংলাদেশে আর কোনো জোরজুলুমের রাজনীতি চলবে না; জনগণ এখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে।
সভায় জামায়াতে ইসলামী, এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, ডাকসুর সাবেক জিএসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

