অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে মাদ্রাসার পাশে একটি বসতঘরের সামনে হঠাৎ এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে আহত শিক্ষার্থীদের মধ্যে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) রয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে প্রয়োজন অনুযায়ী তাদের জেলা সদর হাসপাতালেও ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসার সঙ্গে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর সেখানে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
ঘটনার খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। বিস্ফোরণের কারণ ও বোমাটি কীভাবে সেখানে এলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ইমন সরদার বলেন, তার বসতঘরের সামনে কীভাবে বোমাটি বিস্ফোরিত হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, সকালে হঠাৎ মাদ্রাসার সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, মাদ্রাসায় বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আর/

