যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ইরানের বড় কূটনৈতিক অর্জন: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

চুক্তির প্রতিটি ধারা জাতীয় স্বার্থের অনুকূলে রয়েছে, দাবি করে দ্রুত সুফল পাওয়ার আশা প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট

by ABDUR RAHMAN
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ইরানের বড় কূটনৈতিক অর্জন

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা ও শান্তি চুক্তিকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, চুক্তির প্রতিটি ধারা ও শর্ত ইরানের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘ আলোচনার মাধ্যমে চুক্তির সব বিষয় চূড়ান্ত করা হয়েছে এবং এর ইতিবাচক ফলাফল খুব শিগগিরই জনগণের সামনে দৃশ্যমান হবে।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে কাতারে জব্দ থাকা প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের ইরানি তহবিল ফেরত পাওয়ার বিষয়টি উল্লেখ করেন পেজেশকিয়ান। তার মতে, এটি ইরানের জন্য একটি বড় অর্থনৈতিক অর্জন, যা আলোচনার অংশ হিসেবে নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শুরুতে যেসব বিষয়কে বাধা হিসেবে দেখা হয়েছিল, পরবর্তী সময়ে তার অনেকগুলোতেই ইরানের অবস্থানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে তেহরানের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি বলেন, পূর্বে যেসব বিষয় নিষিদ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছিল, সাম্প্রতিক আলোচনায় সেগুলোর কিছু অংশকে এখন অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র না রাখার নীতিতে অটল রয়েছে, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় অবস্থানের অংশ। যুক্তরাষ্ট্রের দাবির পরিপ্রেক্ষিতে এই প্রতিশ্রুতি লিখিতভাবে নিশ্চিত করা হয়েছে বলেও তিনি জানান।

এদিকে চলমান আলোচনায় যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিলকরণ, জব্দ সম্পদ ফেরত এবং পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কাঠামো নিয়ে অগ্রগতি হচ্ছে বলে জানা গেছে। সুইজারল্যান্ডে আসন্ন বৈঠকে এসব বিষয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।

তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইঙ্গিত করে বলেন, এই সমঝোতায় সবচেয়ে বেশি অসন্তুষ্ট হবেন তিনিই।

বিশ্লেষকদের মতে, এই চুক্তির প্রকৃত সফলতা নির্ভর করবে এর বাস্তবায়নের ওপর। অর্থনৈতিক সম্পদ ফেরত, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং আঞ্চলিক উত্তেজনা কমানো গেলে এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, আল-জাজিরা

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ