“সৌদি জাহাজ ছাড়া সবার জন্য সমুদ্রপথ নিরাপদ”: ইয়েমেনে বড় জয়ের পর হুথিদের বার্তা

বাব-এল-মান্দেব প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য থাকবে সুরক্ষিত; আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ থাকলেও অব্যাহত থাকবে সৌদি জাহাজে নিষেধাজ্ঞা

by ABDUR RAHMAN
ইয়েমেনে বড় জয়ের পর হুথিদের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইয়েমেনের পশ্চিম উপকূলে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে এক সাঁড়াশি সামরিক অভিযান চালিয়ে লোহিত সাগর ও অতিগুরুত্বপূর্ণ বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী। গত ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে প্রায় ৫ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকা ও ছয়টি জেলা থেকে প্রতিপক্ষকে হটিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র গ্রুপটি।

বিজ্ঞাপন
banner

লড়ায়ের ধারাবাহিকতায় রণকৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পেরিম’ (স্থানীয় নাম ময়উন) দ্বীপটি দখল করে নিয়েছে হুথিরা। বাব-এল-মান্দেব প্রণালির ঠিক মধ্যভাগে অবস্থিত এই দ্বীপটি ছেড়ে সম্প্রতি ইয়েমেনি সরকারি বাহিনী পিছু হটার পর সশস্ত্র হুথি যোদ্ধারা নৌযানে করে দ্বীপে প্রবেশ করে নিজেদের অবস্থান শক্ত করে। বর্তমানে বাব আল-মান্দেব উপকূলজুড়ে হুথি যোদ্ধাদের টহল দিতে দেখা গেছে। এই সংঘাতের জেরে ইতোমধ্যে অঞ্চলটি থেকে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েকশ হতাহতের ঘটনা ঘটেছে।

হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, তায়েজ ও হোদেইদা প্রদেশ থেকে প্রতিপক্ষকে তাড়াতে এবং দীর্ঘদিনের অবরোধের জবাবে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে তাদের সাতটি সামরিক ব্রিগেডে হামলা চালিয়ে বেশ কয়েকশ সেনাকে হতাহত ও আটক করা হয়েছে। পাশাপাশি বন্দি মুক্তি ও নয়টি বিমান ভূপাতিতসহ মোট ৩২টি সামরিক পদক্ষেপ নেওয়া হয় বলে জানান তিনি।

কৌশলগত এই প্রণালি দখলের পর আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হলেও হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ জানান, লোহিত সাগর ও বাব-এল-মান্দেবে আন্তর্জাতিক বাণিজ্য এবং সাধারণ নৌ চলাচল সম্পূর্ণ নিরাপদ ও সুশৃঙ্খল থাকবে। সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি স্পষ্ট করেন যে, ইয়েমেনে হামলা ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত কেবল সৌদি আরবের মালিকানাধীন জাহাজের ওপর তাদের নিষেধাজ্ঞা বহাল থাকবে।

উল্লেখ্য, প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ বাব-এল-মান্দেব প্রণালিটি লোহিত সাগরের সঙ্গে এডেন উপসাগরকে যুক্ত করেছে এবং সুয়েজ খালগামী বৈশ্বিক জ্বালানি পরিবহনের প্রায় ১২ শতাংশ এই পথেই পরিবাহিত হয়। সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে পড়ায় বাব-এল-মান্দেব বৈশ্বিক বাণিজ্যের জন্য আরও বেশি স্পর্শকাতর হয়ে উঠেছে।

সূত্র: এএফপি, ফ্রান্স ২৪

banner

এ জাতীয় আরো সংবাদ